জ্বর
আজ অনেকদিন বাদে গরপারে ডাক্তার পি কে দত্তর চেম্বারে গেলাম। ঠিক করেছি যে ছোটখাটো জ্বর-জারি হলে আর আ্যলোপ্যাথি ডাক্তার দেখাবো না। হোমিওপ্যাথিতে সারার হলে সারবে, না হলে এমনিই সারবে।
ডাক্তারবাবু স্বাভাবিক কারণেই আমায় চিনতে পারলেন না। শেষ এসেছি সেই কোন ছোটবেলায়। বাবার নাম বলাতে চিনতে পারলেন। 'তুমি এত বড় হয়ে গ্যাছো!' 'রাস্তায় দেখলে তো চিনতেই পারতুম না। ছোটবেলায় মায়ের সাথে আসতে। তখন তুমি কত্তোটুকু।' অবশ্য আমিও ওনাকে দেখলে চিনতে পারতাম না। চুল সবই পেকে গেছে। আগে গোঁফ ছিল, সেটা আর এখন নেই। আগে চেহারাটা বেশ ভারিক্কি ছিল, এখন আর তা নেই। তবে ওনার ছোট্ট চেম্বারটা অবিকল এক রকম আছে। পেশেন্ট এলে যে বেঞ্চগুলোয় বসে, সেগুলো একই আছে। তিনটে তাক-ভর্তি সারিসারি ওষুধের শিশি। আর সিলিং-এ একটা খুব ছোট পাখা।
'তা এখন কি করচো?'
'কলেজে পড়াচ্ছি।'
কলেজে পড়াচ্ছ? বা বা! কত্তো বড় হয়ে গ্যাছো আ্যঁ!'
বড় হয়ে যাওয়া নিয়ে আরো বেশ কিছুক্ষণ কথাবার্তা চললো।
যাই হোক, জ্বর হয়েছে শুনে আগের মতো এটাসেটা মিশিয়ে দু-শিশি ওষুধ তৈরি করে দিলেন। (এখন আর আগের মতো কর্ক নেই, শিশি'র মুখে প্লাস্টিকের ছিপি।) সকালে খাওয়ার পরে একবার করে, রাতে খাওয়ার পরে একবার করে। পাঁচটা করে বড়ি।
'ঠিক আছে ডাক্তার বাবু। আজ আসি?'
'হ্যাঁ বাবা, এসো। ভালো থেকো।'
ছোটবেলায় ওনার কাছে যাওয়ার দুটো আকর্ষণ ছিলো। এক হল, উনি তাকে রাখা শিশিগুলো থেকে নিয়ে যে ভাবে ওষুধ বানিয়ে দিতেন, আমি অবাক আর মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। কোন ওষুধের সাথে কোন ওষুধ মেশাতে হবে ডাক্তারবাবুর যেন মুখস্থ। আমার মনে হত এটা একটা ম্যাজিক। (ওষুধ দু ধরনের - বড়ি আর লিকুইড। পৃথিবীতে সব থেকে উপাদেয় খাবার গুলোর মধ্যে যে হোমিওপ্যাথি বড়ি পরে সেটা বলার অপেক্ষা রাখে না। ) আর দুই, মাঝে মাঝে 'জিভ বার করো, অ্যা' বলে জিভে এক ফোঁটা স্পিরিটের মত ঝাঁঝাঁলো কি একটা দিয়ে দিতেন, সেটা আমার খুব ভালো লাগতো। ছোটোবেলায় খুব ভুগতাম। জ্বর-জারি লেগেই থাকতো।
আজ বাড়ি ফেরার সময় বেশ জ্বর এসেছিল। কিন্তু চেম্বার থেকে ফিরে অনুভব করলাম জ্বরটা আর একেবারেই নেই।ওষুধের dose শুরু হওয়ার আগেই কমে গিয়েছে।
একটু আগে ডিনার সেরে শিশিটে টোকা মেরে ছিপিতে বড়ি ধাললাম। ৮টা পরল। ৩টে আবার শিশিতে চালান করতে গিয়ে ৪তে ধুকে গেল। আবার একটা বার করতে গিয়ে দুটো বেরিয়ে পরল। এই ভাবে করতে করতে যখন ৫টা হল, মুখে পুরে দিলাম। (এক -দুটো হোমিওপ্যাথি গ্লোবিউল বেশি খেয়ে নিলে কি খুবি ক্ষতি হয়?)
Comments
Post a Comment